
শেরপুর জেলার সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘প্রস্ফুটিত শেরপুর’ ফেইসবুক গ্রুপ ১১ বছর পেরিয়ে এক যুগে পদার্পণ করেছে। এই গৌরবময় এক যুগ পদার্পণ উপলক্ষে গ্রুপটির এডমিন প্যানেলের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল এডমিন প্যানেলের দীর্ঘ এক যুগের পথচলা ও অভিজ্ঞতা বিনিময়। ‘শেরপুরের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের এক যুগ’—এই স্লোগানকে সামনে রেখে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
২০১৫ সালের ১৬ই জানুয়ারী যাত্রা শুরু করা এই গ্রুপটি আজ কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং শেরপুরবাসীর সুখ-দুঃখের এক নির্ভরতার নাম। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রস্ফুটিত শেরপুর যে ভূমিকা রাখছে। সেই সাথে শেরপুর জেলার পর্যটনকে তুলে ধরা হচ্ছে সারা দেশে।
জাঁকজমকপূর্ণ এই আয়োজনে গ্রুপটির বর্তমান এডমিন ও মডারেটরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং বিগত ১১ বছরে যারা বিভিন্নভাবে গ্রুপটিকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দুই ক্যাটাগরিতে ২০২৫ সালের ৬ জন সেরা এডমিনদেরকে পুরষ্কার, ক্রেস্ট ও এডমিন প্যানেলের সবাইকে শুভেচ্ছা স্মারক এবং ফাউন্ডার এডমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে ২০২৫ সালের সেরা মেম্বারকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী এই মিলন মেলায় স্মৃতি চারণ, মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১১ বছরের এই দীর্ঘ সফরে গ্রুপটি শেরপুরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে এটি জেলার অন্যতম জনপ্রিয় ও বৃহত্তম অনলাইন কমিউনিটিতে পরিণত হয়েছে।